খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড নয় বছর ধরে বন্ধ। মিলটি চালু না হওয়ায় প্রায় ছয় হাজার শ্রমিক-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন।মিল কর্তৃপক্ষ ও শ্রমিক-কর্মচারীদের সূত্রে জানা গেছে, ১৯৫৭ সালে খুলনার খালিশপুরে মিলটির যাত্রা শুরু। তখন থেকেই তিন হাজার স্থায়ী এবং আরও তিন হাজার অস্থায়ী শ্রমিক-কর্মচারী এখানে কাজ করতেন। দিনে দিনে লোকসান বাড়ায় ২০০২ সালের ৩০ নভেম্বর মিলটি বন্ধ ঘোষণা করা হয়। এতে মিলের শ্রমিক-কর্মচারীরা বেকার হয়ে পড়েন। এরপর শ্রমিক-কর্মচারীদের দীর্ঘ আন্দোলনের মুখে বিভিন্ন সময় সরকার মিলটি চালুর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি।মিলটি পুনরায় চালুর লক্ষ্যে গঠিত নয় সদস্যবিশিষ্ট একটি আর্থ-কারিগরি কমিটি সমীক্ষা চালিয়ে গত বছরের ২৫ ফেব্রুয়ারি প্রতিবেদন তৈরি করেছে। কমিটি তাদের প্রতিবেদনে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে মিলটি আধুনিকায়ন করে সাদা কাগজ উৎপাদনের প্রস্তাব করেছে।খুলনা নিউজপ্রিন্ট মিলসের ব্যবস্থাপনা পরিচালক কাজী রুহুল আমিন জানান, ১৯৯৫-৯৬ অর্থবছরে অধিক উজ্জ্বলতা-সম্পন্ন কাগজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করায় এ মিলের নিউজপ্রিন্টের চাহিদা কমে যায়; পাশাপাশি উৎপাদন খরচ বাড়লেও সরকার সে অনুযায়ী কাগজের দাম না বাড়ানোয় বিরাট লোকসানে পড়ে মিলটি বন্ধ হয়ে যায়।গত শনিবার মিলের শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জানান, মিল বন্ধ থাকায় অনেক শ্রমিক খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। শ্রমিক ইব্রাহিম খান (৪৫) বলেন, ‘মিল বন্ধ থাকায় এখন পেটের দায়ে রিকশা চালাচ্ছি।’ শ্রমিক খোরশেদ আলম বলেন, ‘রিকশা-ঠেলা চালাই। যখন যে কাজ পাই, তা-ই করি। পেট তো বাঁচাতি হবে।’মিলের বিক্রয় বিভাগের সাবেক অফিস সহকারী ইমরোজ জাহান বলেন, ‘শেষের তিন বছর বিভিন্ন প্রতিষ্ঠান মিল থেকে মাত্র ১৯ হাজার ৮৮০ টাকা টন দরে কাগজ কিনে গেটের বাইরে ৫০ হাজার টাকা করে বিক্রি করত। আমরা তখন নিউজপ্রিন্টের দাম বাড়ানোর জোর দাবি জানালেও কোনো লাভ হয়নি।’খুলনা নাগরিক কমিটির সভাপতি ফিরোজ আহমেদ জানান, পত্রিকা ও বইসহ বিভিন্ন প্রকাশনার জন্য সরকারকে কাগজ আমদানি করতে হচ্ছে। কিন্তু মিলটি চালু করলে দেশের লাভ এবং বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারও বাস্তবায়ন হয়।মিলটি চালুর বিষয়ে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসির) চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, ‘আমরা তো কাজ করে যাচ্ছি।’খুলনা-৩ আসনের সাংসদ এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ‘মিলটি চালু করতে একটি প্রতিনিধিদল কাজ করছে। যেকোনো উপায়ে হোক, মিলটি চালু করবই।’