খুলনা পাসপোর্ট কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য
খুলনা পাসপোর্ট কার্যালয়ে দালালদের দৌরাত্ম্যে স্বাভাবিক নিয়মে পাসপোর্ট করা কঠিন হয়ে উঠেছে। পাসপোর্ট করতে দালালদের সাহায্য না নিলে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। এ কারণে পাসপোর্ট প্রার্থীরা অতিরিক্ত টাকা খরচে দালালদের মাধ্যমে পাসপোর্ট করাতে বাধ্য হচ্ছেন। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। খুলনা পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার লোকজন পাসপোর্ট করাতে পারেন। নিয়ম অনুযায়ী আবেদনের ১০ কর্মদিবসের মধ্যে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) পেতে ছয় হাজার টাকা এবং ২৫ কর্মদিবসের মধ্যে পেতে তিন হাজার টাকা ফি ব্যাংকে জমা দিতে হয়।ভুক্তভোগীরা জানান, কেউ পাসপোর্ট ফরম পূরণ করে জমা দিতে চাইলে কর্মকর্তারা ছোটখাটো নানা ভুল বের করেন। সামান্য ভুল শুধরে না দিয়ে তাঁরা আবেদনকারীদের দিনের পর দিন ঘোরাতে থাকেন। ফলে আবেদনকারীরা দালালদের কাছে যেতে বাধ্য হন। পাইকগাছা থেকে পাসপোর্ট করতে আসা নীলয় পালকে ফরম জমা দিতে তিন দিন ঘুরতে হয়েছে। প্রথম দিন সত্যায়িতকারীকে চিনতে না পারায় তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। পরদিন গেলে সামান্য ভুল ধরে ফিরিয়ে দেওয়া হয়। তৃতীয় দিন গেলে পাসপোর্ট ফরমে লেখা ‘প’ টি ‘গ’র মতো দেখাচ্ছে বলে ফিরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, ‘এখানে দালালদের মাধ্যম ছাড়া ফরম জমা দেওয়া যাবে না। তাই বাড়িতে যাচ্ছি দালালের জন্য টাকা আনতে।’ প্রসেনজিৎ রায় বলেন, ‘তিন দিন ঘুরে না পেরে বাবুকে (দালাল) দিয়ে পাসপোর্ট করিয়েছি। এ জন্য তিন হাজার টাকার পাসপোর্টের জন্য চার হাজার টাকা দিতে হয়েছে।’ মোরেলগঞ্জের রাজিব আহমেদ বলেন, ‘২৫ তারিখে এসেছিলাম ফরম জমা দিতে, পারিনি। সামান্য ভুলের জন্য ফেরত দেছে। আজ আবার আসছি, দেখি কী হয়।’ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) খুলনার ব্যবস্থাপক শেখ বশির আহমেদ বলেন, ‘আমরা পাসপোর্ট অফিসে পাসপোর্ট প্রার্থীদের হয়রানির কথা শুনেছি।’বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জ্জামান বলেন, ‘পাসপোর্ট অফিসে একটি দালাল চক্র আছে। এই চক্র থেকে কর্মকর্তা ও কর্মচারীরা একটি ভাগ পায় বলে শুনেছি। টাকা না দিলে পাসপোর্ট করাতে দিনের পর দিন ঘুরতে হয়। আমি নিজে এই ভোগান্তির শিকার হয়েছিলাম।’ খুলনা পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বলেন, ‘দালালদের প্রতিহত করার জন্য আমি পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। আমাদের কার্যালয়ের মাঠপর্যায়ের কোনো কর্মকর্তা ও কর্মচারী দালালদের সঙ্গে জড়িত কি না আমি জানি না।’