খুলনা প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আজ মঙ্গলবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি উন্মোচন করেন। 

এ উপলক্ষে প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ইকবাল সোবহান চৌধুরী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে- এ প্রত্যয় এখন দেশের জনগণসহ বিশ্ববাসীর। যে দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারে, তাঁরা সকল প্রতিবন্ধকতা দূর করে দেশের অগ্রযাত্রাকেও অব্যাহত রাখতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, যারা ইতিহাসকে বিকৃত করে, তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা ঘৃণিত ও ধিক্কৃত। জাতি এগিয়ে যাচ্ছে, এ সময়ে প্রয়োজন জাতির অতীত ইতিহাসকে আরও বেশি চর্চা করা। খুলনা প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ আগামী প্রজন্মের কাছে ইতিহাস হয়ে থাকবে।
খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহম্মাদ আলমগীর, খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমানও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
প্রেসক্লাব সূত্র জানায়, দেশের কোনো প্রেসক্লাবে প্রথম বঙ্গবন্ধুর এ পূর্ণাঙ্গ ভাস্কর্যের উচ্চতা বেদিসহ ১৫ ফুট। দুজন শিল্পী, তিনজন সহকারী শিল্পী, প্রয়োজনীয় সংখ্যক অভিজ্ঞ শ্রমিক চার মাস ধরে ভাস্কর্যটি নির্মাণ করেন।