খুলনা প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উদ্বোধন আজ

খুলনা প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উদ্বোধন করা হচ্ছে আজ। এটিই দেশের কোনো প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রথম পূর্ণাঙ্গ ভাস্কর্য বলে দাবি করেছে প্রেসক্লাব কর্তৃপক্ষ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায় বলেন, মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ভাস্কর্যটির উদ্বোধন করবেন। তিনি জানান, চলতি বছরের শুরুতেই উদ্যোগটি নেয় খুলনা প্রেসক্লাব। বাংলাদেশের কোনো প্রেসক্লাবে এখনো বঙ্গবন্ধুর পূর্ণাঙ্গ ভাস্কর্য তৈরি হয়নি। ভাস্কর্যটি নির্মাণে ব্যয় হয়েছে সাত লাখ টাকা। ভাস্কর্য নির্মাণ কমিটির আহ্বায়ক ও খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মল্লিক সুধাংশু বলেন, ‘প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্যার ইকবাল রোডে প্রেসক্লাব চত্বরে বালু-মানিক মিলনায়তনের পূর্ব পাশে এটি স্থাপন করা হচ্ছে।’ ভাস্কর্যটি নির্মাণ করেছেন শিল্পী প্রশান্ত দাশ ও শিল্পী সুকুমার বাগচী।
সুকুমার বাগচী বলেন, তিন ফুট বেদিসহ ধূসর রঙের ভাস্কর্যটির দৈর্ঘ্য ১৫ ফুট। এটি তৈরিতে মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে উন্নত মানের মার্বেল, মার্বেল ডাস্ট, হোয়াইট সিমেন্ট এবং এসএসডি ফরম্যাট রড। ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগ সহনীয় ভাস্কর্যটির স্থায়িত্ব হবে প্রায় ৫০০ বছর।
খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে ‘স্বাধীনতার রক্ত সিঁড়ির’ পর এবার খুলনা প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হলো। এই ভাস্কর্যে শিল্পীরা জাতির জনকের আপসহীন ও দৃঢ়চেতা অভিব্যক্তি ফুটিয়ে তুলেছেন।