খুলনা, ফরিদপুর ও গোপালগঞ্জে তিনটি লাশ উদ্ধার
গোপালগঞ্জে এক তরুণ, ফরিদপুরের ভাঙ্গায় এক তরুণী এবং খুলনায় এক বৃদ্ধের লাশ গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। তাঁদের কারও পরিচয় জানা যায়নি। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
গোপালগঞ্জ: সদর উপজেলার চরগোবরা এলাকায় মধুমতী নদীর তীর থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে অজ্ঞাত এক তরুণের (২৬) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন সকালে সেখানে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফরিদপুর: ফরিদপুর-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে অজ্ঞাত এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন সকালে সালোয়ার-কামিজ পরিহিত ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির বলেন, তরুণীর দুই পা রশি দিয়ে বাঁধা এবং তাঁর ঠোঁট ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
খুলনা: নগরের কেডিএ ভবনের সামনের রাস্তা থেকে গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।