খুলনা বইমেলায় ভাষা নিয়ে বিতর্ক ও আলোচনা
খুলনা বইমেলায় ‘প্রজন্ম প্রেরণায় একুশের চেতনা ও ভাষা ভাবনা’ বিষয়ক আলোচনা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ তার্কিকদের অংশগ্রহণে উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এই আলোচনা ও বিতর্ক হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান। সরকারি বিভাগীয় গণগ্রন্থাগার খুলনার উপপরিচালক হরেন্দ্রনাথ বসুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের (বিভাগ) প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং প্রজন্ম-প্রেরণাবিষয়ক লেখক ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নাজমুল হুদা।
বক্তারা সহজাত ও সহপাঠ্যক্রমিক পড়াশোনা এবং নৈমিত্তিক কাজে বাংলা ভাষার যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, একুশের চেতনা নতুন প্রজন্মের মধ্যে সমভাবে সঞ্চারিত হলেই কেবল স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।
আলোচনা সভার আগে একই স্থানে ‘এই সংসদ মনে করে যে নতুন প্রজন্ম বাংলা ভাষা ব্যবহারে যথেষ্ট আন্তরিক’ বিষয়ক উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্ক সঞ্চালনা করেন খুলনা পাবলিক কলেজের বাংলা বিভাগের শিক্ষক মো. তাকদীরুল গনি। সংসদীয় ধারার এই বিতর্কে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বি এম আফসান আক্তার, সরকারি আজম খান কমার্স কলেজের সৈয়দ শাহ নেওয়াজ আহমেদ, সরকারি বিএল কলেজের এম এম মুসাব্বির হোসেন, সরকারি হাজি মুহম্মদ মুহসীন কলেজের নুসরাত জাহান, সরকারি এম এম সিটি কলেজের সালাউদ্দিন মুসা ও পাবলিক কলেজের আসিফ আদনান অমি অংশ নেন।
এই বিতর্ক ও আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-খুলনা অঞ্চল।