খুলনা বাগেরহাটে পরিবহন ধর্মঘট শুরু, যাত্রী-দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নছিমন, করিমন, ভাড়ায় চলা মোটরসাইকেল, ইজিবাইকসহ অবৈধভাবে চলা যানবাহন বন্ধের দাবিতে বাগেরহাট ও খুলনায় গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো এ ধর্মঘটের ডাক দিয়েছে।একই দাবিতে আজ সোমবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মালিক-শ্রমিক সংগঠনগুলো অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।এদিকে বগুড়ার পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে রাজধানীর মহাখালীর মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে গত শনিবার রাত থেকে উত্তরাঞ্চলের ১১ জেলা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাট: গতকাল ভোরে বাগেরহাট টার্মিনাল থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা, বরিশালসহ বিভিন্ন জেলায় চলাচলকারী দূরপাল্লার বাস এবং বাগেরহাটের অভ্যন্তরীণ সড়কগুলোতে চলাচলকারী বাস বন্ধ করে দেওয়া হয়। এমনকি অন্য কোনো জেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসকে বাগেরহাটের ওপর দিয়ে চলতে দেওয়া হয়নি। ধর্মঘটের কারণে বাগেরহাট ও সংলগ্ন ৩০টি যাত্রাপথে (রুটে) বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন।বাগেরহাট আন্তজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মাসুম মোল্লা বলেন, ‘অবৈধভাবে চলা নছিমন, করিমন, ভাড়ায় চলা মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে বাসের যাত্রী একেবারেই কমে গেছে। আমরা এসব অবৈধ যান বন্ধের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।’বাগেরহাট আন্তজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন জানান, গত ২৮ জুন খুলনার রূপসা ও বাগেরহাটের আটটি মালিক সমিতি ও সহযোগী শ্রমিক সংগঠন যৌথ সভা করে ১ জুন থেকে অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘট ডেকেছে। পরে সাতক্ষীরা, পিরোজপুর, খুলনা, ঝালকাঠি ও বরিশালের বাস মালিক সমিতিগুলো এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ধর্মঘটে যোগ দিয়েছে।বগুড়া: সূত্র জানায়, বগুড়া-মহাখালী যাত্রাপথে বগুড়ার মোটর মালিকদের দুটি বিলাসবহুল কোচ চালু উপলক্ষে মহাখালী বাস টার্মিনালে টানানো একটি ব্যানার ছিঁড়ে ফেলার জের ধরে শনিবার রাত ১০টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া টার্মিনাল থেকে রাজধানীর মহাখালী টার্মিনালের বাসমালিকদের সব বাস বের করে দিয়ে কাউন্টারে তালা ঝুলিয়ে দেন বগুড়ার মালিক-শ্রমিকনেতারা। একই সঙ্গে তাঁরা বগুড়ার ওপর দিয়ে জয়পুরহাট ও নওগাঁ এবং রংপুর বিভাগের সব জেলা থেকে ঢাকা অভিমুখী দূরপাল্লার সব গাড়ি বন্ধ করে দেন। এর প্রতিবাদে মহাখালী টার্মিনালের মালিক-শ্রমিকনেতারা সেখান থেকে বগুড়ার মালিকদের সব বাস বের করে দিয়ে কাউন্টারে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে জানা গেছে। বগুড়া মোটর মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের দাবি, ‘মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে কথা বলেই নতুন বাস চালুর সব প্রস্তুতি শেষ করা হয়। উদ্বোধনের আগে দুই সংগঠনের নেতারা মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তাঁরা ব্যানার ছিঁড়ে ফেলেন। তাঁরা টার্মিনাল থেকে সব বাস বের করে দিয়েছেন। বগুড়ার বাসচালক ও শ্রমিকদের মারধর করেন। এর প্রতিবাদে বগুড়া থেকে অনির্দিষ্টকালের জন্য কোচ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।’ বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান গনি বলেন, মহাখালীর মালিক-শ্রমিকদের সঙ্গে আলাপ না করেই বগুড়ার মালিকেরা এসি বাস চালাতে চাইছিলেন। তাঁরা একটি পরিবহনের ব্যবসা নষ্ট করতে একই সময়ে গাড়ির সময়সূচি দিয়েছিলেন। এতে মহাখালীর মালিকেরা আপত্তি তোলেন। বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘বগুড়া ও ঢাকার কোচ-মালিকদের কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।’ খুলনা: খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদৎ মৃধা বলেন, নছিমন-করিমন বন্ধের দাবিতে রোববার সকাল ছয়টা থেকে খুলনা বাস টার্মিনাল থেকে ১৪টি যাত্রাপথে কোনো বাস চলাচল করেনি। চুয়াডাঙ্গা: নছিমন, করিমন ও আলমসাধু চলাচল বন্ধের দাবিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সব যাত্রাপথে আজ সোমবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ যৌথভাবে এ কর্মসূচির ডাক দিয়েছে।সাতক্ষীরায় ধর্মঘট প্রত্যাহার: নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা জানান, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম বলেন, শনিবার রাতে সাতক্ষীরার পুলিশ সুপারের সঙ্গে সমিতি ও রাজনৈতিক নেতাদের এক বৈঠক হয়। বৈঠকে নছিমন, করিমন, ইজিবাইক, গ্রামবাংলা, ভটভটি, ইঞ্জিনচালিত ভ্যানসহ অবৈধ যানবাহন প্রধান সড়কগুলোতে চলাচল করবে না বলে পুলিশ প্রসাশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়। পরে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি সমিতিকে জানানোর পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।সড়ক সংস্কারের দাবিতে ধর্মঘট: কুষ্টিয়া অফিস জানায়, সড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা-প্রাগপুর-মহিষকুণ্ডি আঞ্চলিক সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল চতুর্থ দিনের মতো অব্যাহত ছিল। জেলা বাস মালিক ও পরিবহন শ্রমিক সংগঠনগুলোর ডাকে গত বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল বলেন, যত দিন সড়ক বাস চলাচলের উপযোগী না হবে, তত দিন ধর্মঘট চলবে।