খুলনা বিআরটিএ কার্যালয় দালাল চক্রের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জহিরুল ইসলাম বাগেরহাটের বেসরকারি একটি সংস্থার মাঠপর্যায়ের কর্মকর্তা। চাকরির শর্ত অনুযায়ী মোটরসাইকেল নিতে হলে ড্রাইভিং লাইসেন্সের কপি জমা দিতে হবে। কিন্তু তাঁর লাইসেন্স নেই। তাড়াহুড়ো করেই ছুটে এলেন খুলনার শিরোমনিতে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে।সামনে এলেই তিনি পড়লেন দালালের খপ্পরে। কম টাকা ও দ্রুততম সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কথা বলে তাঁকে নিয়ে যাওয়া হয় কাছের একটি ফটোকপির দোকানে। এখানে আর্থিক লেনদেনের পর কয়েক দিনের মধ্যেই তাঁকে একটি লাইসেন্স দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে পরীক্ষায় সেটি জাল হিসেবে ধরা পড়ে। বিআরটি খুলনা কার্যালয়টি এভাবেই দালাল নামের স্থানীয় সন্ত্রাসী, প্রভাবশালী ও সরকারি দলের কিছু নেতা-কর্মীর হাতে জিম্মি হয়ে পড়েছে। কার্যালয়টি দালালমুক্ত করার দাপ্তরিক আদেশও কার্যকর করা যায়নি গত দেড় বছরে। ফলে কার্যালয়ে আসা সেবাপ্রত্যাশীদের হতে হচ্ছে নানা রকম হয়রানির শিকার। নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএর একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, সরকারি দলের নাম ভাঙিয়ে কয়েকজন ব্যক্তি কার্যালয়টি জিম্মি করে ফেলেছেন। কোনো ব্যক্তি বিআরটিএ কার্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকলেই তিন-চারজন তাঁকে ঘিরে ধরেন এবং কী কাজের জন্য এসেছেন তা জানতে চান। তাঁরাই কর্মকর্তাদের দিয়ে অল্প সময়ের মধ্যে কাজ করে দেওয়ার কথা বলে টাকা-পয়সা নিচ্ছেন। ভয়ে কর্মকর্তারা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পাচ্ছেন না।২৩ সেপ্টেম্বর বিআরটিএ কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের সামনে ও বিভিন্ন কক্ষে রয়েছে বহিরাগত ও দালাল চক্রের দৌরাত্ম্য। যানবাহনসংক্রান্ত সব কাজের একটি বিভাগীয় দপ্তর হওয়া সত্ত্বেও এখানে কোনো শৃঙ্খলা নেই। যে কেউ যেকোনো কক্ষে ঢুকে পড়ছেন, সরকারি ফাইল, কাগজপত্র ঘাঁটাঘাঁটি করছেন। কার্যালয়ের বিভিন্ন কাউন্টারে দালালরা বসে আছেন। এখানে আসা সেবাপ্রত্যাশীদের বোঝার উপায় নেই, কে বহিরাগত দালাল আর কে কর্মকর্তা-কর্মচারী। গাড়ির ব্লু বুক নিতে আসা আবদুর রহিম অভিযোগ করেন, কর্মকর্তা-কর্মচারীরা প্রায়ই নিজ নিজ চেয়ারে বসেন না। দালালদের মাধ্যমে তাঁদের সন্ধান পাওয়া যায়। বিকেল চারটায় গাড়ির ব্লু বুক দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগে হাজির হলেও কর্মকর্তারা বলেন, ‘আজ আর টোকেন জমা নিব না, আগামী দিন আসেন।’ অথচ দালালকে ২০০ টাকা দিলে ওই দিনই টোকেন জমা নেন। ড্রাইভিং লাইসেন্সের জন্য আসা আবদুল জলিল জানান, নির্ধারিত দিনে ছবি তুলতে ও স্বাক্ষর করতে গেলে ক্যামেরাম্যান বলেন, ‘আপনার ব্যক্তিগত ফাইল এখনো আসে নাই, আপনি একটু সামনে নক করেন।’ সামনে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী বলেন, ‘আমরা কাজের ঝামেলায় আছি, আপনি অন্য দিন আসেন।’ এখানেও দালালকে ২০০ টাকা দিলে ফাইল খুঁজে বের করে দেয়। ফাইল ক্যামেরাম্যানের কাছে পৌঁছাতে পিয়ন চায় ৫০ টাকা। এখানেই শেষ নয়। ক্যামেরাম্যান বলেন, ‘আপনার সিরিয়াল আসতে আসতে আজকের দিন চলে যাবে, আজকে আর হবে না, অন্য দিন আসেন।’ অথচ ছবি রেজিস্ট্রার ঘাঁটলে দেখা যায়, অনেক পরে আসা অনেকের নামের পাশে টিক চিহ্ন দেওয়া আছে। এখানেও দালালকে ২০০ টাকা দিলে তাৎক্ষণিক ছবি তুলে দেয়। অভিযোগ প্রসঙ্গে খুলনা বিআরটিএর সহকারী পরিচালক সেলিম বক্স প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে দশবার বিক্রি হই, আমার অজ্ঞাতেই আমাদের কর্মকর্তা-কর্মচারীদের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা নিচ্ছে দালালেরা। তবে দালালদের দৌরাত্ম্য এখন আর আগের মতো নেই।’ তিনি জানান, জনবল সংকটের কারণে অফিসের চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে। এখানে ২৫ জনের জায়গায় আছে মাত্র সাতজন। নিরাপত্তার জন্য যে পাঁচজন আনসার নিয়োগ দেওয়া হয়েছে, তাদের দিয়েও অফিসের কাজ করাতে হচ্ছে।