খুলনা বিএল কলেজে ছাত্রলীগের আহ্বানে ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজে গতকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। ছাত্রলীগ কলেজ শাখার আহ্বানে সংগঠনের দুই নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।ছাত্রলীগের নেতারা জানান, বুধবার রাতে কলেজ মাঠে কয়েকজন সন্ত্রাসী কলেজের তিতুমীর হল ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হোসেন ও ছাত্রলীগের কর্মী মো. শামিমকে কুপিয়ে আহত করে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। সমাবেশ থেকে হামলার জন্য ছাত্রদল ও ছাত্রশিবিরকে দায়ী করা হয়। নেতাদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার থেকে ছাত্রলীগ ধর্মঘট আহ্বান করেছে।ছাত্রলীগ নগর শাখার সাধারণ সম্পাদক শেখ শাহজালাল বলেন, হামলার প্রতিবাদে শনিবার থেকে বিএল কলেজে ছাত্র ধর্মঘট শুরু হয়েছে। ওই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।ছাত্রদল নগর শাখার সভাপতি আরিফুজ্জামান জানান, ওই ঘটনায় তাঁরা জড়িত নন। ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। বিএল কলেজের অধ্যক্ষ মো. শফিউল্লাহ সরদার বলেন, ধর্মঘটের কারণে ক্লাস ও কয়েকটি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে রোববার কলেজ কর্তৃপক্ষ বিবদমান দুই পক্ষের সঙ্গে আলোচনায় বসবে। দৌলতপুর থানার ওসি আনোয়ারুল হক ভূঁইয়া বলেন, ছাত্রলীগ এখনো মামলাই করেনি। মামলা হলে আসামি গ্রেপ্তার হবে।