খুলনা বিএল কলেজে শিক্ষার্থীদের হাতে শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার সরকারি বি এল কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের এক শিক্ষক শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। তবে এ ঘটনার পেছনে বিভাগেরই অন্য এক শিক্ষক জড়িত বলে অভিযোগ করেছেন লাঞ্ছিত শিক্ষক।কলেজ সূত্রে জানা গেছে, গত সোমবার ব্যবহারিক ক্লাসে সঠিকভাবে একটি বিষয় প্রদর্শন করতে না পারায় স্নাতক তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে বকাঝকা করেন বিভাগের সহকারী অধ্যাপক অনিমেষ বিশ্বাস। এ ঘটনার পর গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কলেজের কলা ভবনের সামনে বিভাগের ২০-২৫ জন শিক্ষার্থী অনিমেষ বিশ্বাসকে আটকে গালিগালাজ করেন ও হুমকি-ধমকি দিতে শুরু করেন। তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার আগেই অন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার পর দুপুর ১২টার দিকে কলেজের অধ্যক্ষ আহাম্মেদ রেজা উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান মো. আসাদুল হাসনাত এবং অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে তাঁর কক্ষে বৈঠক করেন। বৈঠকে অধ্যক্ষ আশ্বাস দেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।অনিমেষ বিশ্বাস অভিযোগ করেন, ‘বিভাগের এক শিক্ষকের উসকানিতে শিক্ষার্থীরা এ কাজ করেছে। প্রাইভেট পড়ানো এবং বিভাগে আধিপত্য বিস্তারের লক্ষ্যেই ওই শিক্ষক ছাত্রদের উসকানি দিয়েছেন। যারা আমাকে লাঞ্ছিত করেছেন, তারা সবাই ওই শিক্ষকের প্রাইভেট ছাত্র।’অধ্যক্ষ আহাম্মেদ রেজা প্রথম আলোকে বলেন, ‘প্রাইভেট পড়ানো এবং ব্যবহারিক ক্লাস কমবেশি করা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। আমি সবার সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’