খুলনা বিদ্যুৎকেন্দ্রে এসিড কেনার দরপত্র-প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত। দরপত্র-প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে করা একটি মামলার শুনানি শেষে গত বৃহস্পতিবার আদালত এ নির্দেশ দেন। মামলায় বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী হরেন্দ্রনাথ মণ্ডলসহ চার কর্মকর্তাকে আসামি করা হয়েছে। মামলার আরজিতে বলা হয়, বিদু্যুৎকেন্দ্রের প্রধান রাসায়নবিদ মোহাম্মদ আলী ২০০ মেট্রিক টন হাইড্রোক্লোরিক এসিড কেনার জন্য ৬ মে দরপত্র জমা দেওয়ার দিন ধার্য করেন। মোট ১১৬টি সিডিউল বিক্রি হলেও মাত্র পাঁচটি দরপত্র জমা পড়ে। অন্য ঠিকাদারেরা ক্ষমতাসীন দলের ক্যাডারদের বাধার কারণে দরপত্র জমা দিতে পারেননি। পাঁচজন ঠিকাদার সমঝোতা করে বাজারদরের চেয়ে তিনগুণ দর দিয়ে দরপত্র জমা দেন। এতে সরকার অনেক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে।জানা যায়, সচেতন নাগরিক সংঘ খুলনার আহ্বায়ক আবদুল হাকিমের পক্ষ থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ পাঁচজনের নামে ১২ মে উকিল নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের পর গত বুধবার মামলা হয়। তবে মামলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে বাদ দেওয়া হয়েছে। মামলার আসামিরা হলেন— খুলনা বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী হরেন্দ্রনাথ মণ্ডল, প্রধান রসায়নবিদ মোহাম্মদ আলী, ইউনিট-১-এর ব্যবস্থাপক কামরুল ইসলাম ও উপপরিচালক (হিসাব) সিরাজুল ইসলাম। গত বৃহস্পতিবার শুনানি শেষে আদালত চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি দরপত্র-প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দেন। এ ব্যাপারে হরেন্দ্রনাথ মণ্ডল জানান, দরপত্রের প্রক্রিয়া সঠিক ছিল। দরপত্র জমা দেওয়ার সময় এসিডের দাম বেশি ছিল। তিনি অভিযোগ করেন, দরপত্র জমাদানকারীরা সমঝোতা করে মূল্য আরও বেশি দেখিয়েছেন। এখন নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় তৃতীয় পক্ষের মাধ্যমে মামলা করেছেন। মামলার বাদী আবদুল হাকিম জানান, তিনি জনস্বার্থে এ মামলা করেছেন।