ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় ইউনিটের দ্বিতীয় পুনর্মিলনী ও তৃতীয় বর্ষপূর্তি গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রকীব উদ্দীন আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি ও খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ। সংগঠনের খুলনা ইউনিটের সভাপতি সাধন রঞ্জন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের খুলনা বিভাগীয় ইউনিটের মহাসচিব কাজী জুলফিকার আলী।
অনুষ্ঠানে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল স্মৃতিচারণা, খেলাধুলা, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
সংগঠনটির নেতারা বলেন, বর্তমানে খুলনা ইউনিটে ৬৫০ জনের মতো সদস্য রয়েছেন। ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে এটাই প্রথম অ্যালামনাই সংগঠন।