খুলনা বিভাগীয় গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন সম্মেলন
খুলনায় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরের শহীদ হাদিস পার্কে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা গাজী ম ম আমজাদ হোসেন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, সাবেক পুলিশ সুপার মাহবুব উদ্দিন, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস।
অনুষ্ঠানে শাজাহান খান গ্রাম পুলিশ সদস্যদের মাদকের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে বলেন, মাদক যুবসমাজের জীবনীশক্তি ধ্বংস করছে। তাই যুবসমাজসহ সবাইকে মাদক, জঙ্গি, বাল্যবিবাহ ও সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে।