খুলনা বিভাগে কোভিড রোগী ৯ হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোভিড-১৯
কোভিড-১৯

খুলনা বিভাগে কোভিড-১৯ রোগীর সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে। বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার ১২৪তম দিনে আজ সোমবার রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ২০৯।

গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে ২৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিভাগের ১০ জেলায় এই সময়ে ১০ জন রোগী মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ জানান, বিভাগে নতুন করে ২৯৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হলেন ৪ হাজার ৫২৪ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থ হওয়ার হার প্রায় ৫০ শতাংশ।

খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় গত ১৯ মার্চ। পরবর্তী ৭৩ দিনে শনাক্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যায়। আজ রোগীর সংখ্যা নয় হাজার ছাড়াল।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ২৬৮ জন। এর মধ্যে খুলনা জেলায় ৬৯ জন, বাগেরহাটে ৫ জন, চুয়াডাঙ্গায় ৩১ জন, যশোরে ৬৫ জন, ঝিনাইদহে ১৯ জন, কুষ্টিয়া ৫২, মাগুরায় ১৮, মেহেরপুর ৪, নড়াইলে ১ ও সাতক্ষীরায় ৪ জন রয়েছেন।

অধিদপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী, বিভাগের মোট সংক্রমিত ৯ হাজার ২০৯ জনের মধ্যে ৩ হাজার ৬৬৪ জনই খুলনা জেলার। বিভাগের মোট রোগীর প্রায় ৪০ শতাংশই খুলনার। এ ছাড়া বাগেরহাটে ৪১১, চুয়াডাঙ্গায় ৪০০, যশোরে ১ হাজার ৩৯৯, ঝিনাইদহে ৬৪৫, কুষ্টিয়ায় ১ হাজার ১৯৩, মাগুরায় ৩৩০, মেহেরপুরের ১৩৩, নড়াইলে ৫২৪ ও সাতক্ষীরায় ৫১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিভাগে মৃত মানুষের সংখ্যা এখন ১৬৬। মারা যাওয়া লোকজনের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ৫৫ জন মারা গেছেন। এ ছাড়া কুষ্টিয়ায় ২৭ জন, যশোরে ২০, সাতক্ষীরায় ১৪, ঝিনাইদহে ১৩, বাগেরহাটে ৯, নড়াইলে ৮, মাগুরা ও মেহেরপুরে ৭ জন করে এবং চুয়াডাঙ্গায় ৬ জন মারা গেছেন।