খুলনা বিভাগে চিকিৎসকদের কর্মবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসকেরা গত বুধবার থেকে কর্মবিরতি পালন করছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভাঙচুর এবং ওই হাসপাতালের এক চিকিৎসা কর্মকর্তার ওপর হামলার ঘটনার প্রতিবাদ এবং হামলাকারীদের শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আহ্বানে এ কর্মসূচি পালন করা হচ্ছে।জানা গেছে, ২৪ ডিসেম্বর দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে একজন রোগী মারা যান। এ ঘটনায় ওই রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালান এবং ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মশিউর রহমানকে মারধর করেন। মশিউর রহমানের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিএমএ খুলনা শাখার উদ্যোগে গতকাল বেলা সাড়ে ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক পরিতোষ কুমার কুণ্ডুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএমএর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ বাহারুল আলম। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহবুল আলম, শিশু বিভাগের অধ্যাপক রবিউল ইসলাম, আবু বক্কর সিদ্দিক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বাহারুল আলম বলেন, হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত জরুরি সেবা ব্যতীত প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত চিকিৎসকদের কর্মবিরতি চলবে।