খুলনা বিভাগে ১৬টি নৌপথ বন্ধ, বাড়ছে পরিবহন ব্যয়
নাব্যতা হ্রাস পাওয়ায় গত সাত বছরে খুলনা বিভাগের ১৬টি নৌপথ বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে খনন না করায় পলি জমে এগুলো বন্ধ হয়ে গেছে। এতে নৌপথে চলাচলকারী এই বিভাগের চার জেলার প্রায় ৫০ লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। একই কারণে সড়কপথে মালামাল পরিবহন ও যাতায়াত ব্যয় বেড়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) খুলনা কার্যালয় সূত্রে জানা গেছে, সাত বছর আগেও খুলনা বিভাগের চার জেলায় ২২টি নৌপথে লঞ্চ ও অন্যান্য নৌযান চলাচল করত। নাব্যতা কমে যাওয়ায় এখন মাত্র ছয়টি নৌপথ চালু আছে। দ্রুত নদীগুলো খনন না করলে অচিরেই সব নৌপথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বন্ধ হয়ে যাওয়া নৌপথগুলো হলো খুলনা-নড়াইল, খুলনা-মংলা, খুলনা-দর্শনা, খুলনা-কপোতাক্ষ, খুলনা-থুকরা, খুলনা-গরিলাল, খুলনা-আংটিহারা, খুলনা-কালাবগি, খুলনা-তেরখাদা, খুলনা-মানিকদাহ হয়ে টেকেরহাট, খুলনা-বটদিয়া, খুলনা-ভাটিয়াপাড়া, খুলনা-আশাশুনী, খুলনা-চরদোয়ানি, খুলনা-জ্ঞানপাড়া ও খুলনা-মাগুরা। চালু থাকা নৌপথগুলো হলো খুলনা-মন্দিরাবাদ, খুলনা-জোরশিন, খুলনা-নীলডুমুর, খুলনা-তুষখালী, খুলনা থেকে হড্ডা হয়ে মুন্সিগঞ্জ ও খুলনা-একসরা।জানা গেছে, শুরুতে খুলনা বিভাগে নৌপথের দৈর্ঘ্য ছিল এক হাজার ১৮৪ কিলোমিটার। ইতিমধ্যে পলি জমে ও ডুবোচরের কারণে ৪৯১ কিলোমিটার বন্ধ হয়ে গেছে। বাকি ৬৯৩ কিলোমিটার দীর্ঘ নৌপথে প্রায় ৮০টি লঞ্চ ও অন্যান্য নৌযান চলাচল করে। এসব নৌযানে প্রতি বছর প্রায় ১০ লাখ যাত্রী যাতায়াত করে এবং প্রায় তিন লাখ মেট্রিক টন মালামাল আনা-নেওয়া করা হয়।বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, পলি জমে ও ডুবোচর পড়ে খুলনা বিভাগের প্রায় ৯০ কিলোমিটার নৌপথ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে রামপাল-খাসিয়াখালী চ্যানেলের ৩২ কিলোমিটার, চালনা-কালীবাড়ি ২০ কিলোমিটার, খুলনা-নওয়াপাড়া ৮ কিলোমিটার, চালনা-নলিয়ান নৌপথের প্রায় চার কিলোমিটা র এবং শিপসা নদীর পাইকগাছার হড্ডা এলাকায় প্রায় তিন কিলোমিটার, চুনকুড়ি নদীর মোহনা ও ডাঙ্গাপাড়ায় সংলগ্ন নদীতে প্রায় পাঁচ কিলোমিটার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।নৌযানের চালকেরা জানান, রামপাল-খাসীয়াখালী চ্যানেল বন্ধ হয়ে যাওয়ায় ১৫ কিলোমিটারের জায়গায় ৬০ কিলোমিটার ঘুরে সুন্দরবনের মধ্য দিয়ে আসা-যাওয়া করতে হয়। মংলা-খুলনা নৌপথে চলাচলকারী এভি নাদিম-১-এর চালক শেখ মোহম্মদ মহসীন বলেন, নওয়াপাড়া থেকে শিরোমনি প্রায় পাঁচ কিলোমিটার, সাতক্ষীরার কপোতাক্ষের প্রায় সব অংশ, পাইকগাছা শিপসা নদীর হড্ডা এলাকায় প্রায় দুই কিলোমিটারে ভাটার সময় মাত্র দুই-তিন ফুট পানি থাকে। তিনি জানান, একটি কার্গোতে যেখানে ১০০ মেট্রিক টন সার নিতে দেড় লাখ টাকা খরচ হয়, সেখানে সড়কপথে ট্রাকে করে সমপরিমাণ সার নিতে চার লাখ টাকা খরচ হয়।প্রায় বিশ বছর ধরে নৌপথে মাছ পরিবহন করেন পাইকগাছার হাফিজ শেখ। তিনি বলেন, ‘নৌযানে মাছ পরিবহন করা খুব সহজ। আমি প্রতি মাসে চার-পাঁচ টন মাছ পরিবহন করি। এটা সড়কপথে নিতে গেলে কোনো লাভ থাকত না।’ কয়রার গাবুরা এলাকার সুরঞ্জন মিস্ত্রী জানান, লঞ্চে ভাড়া কম। এক জায়গা থেকে অন্য জায়গায় যেখানে বাসভাড়া ১৪০ টাকা, সেখানে একই পরিমাণ দূরত্বে লঞ্চভাড়া ৯০ টাকা।কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার সরকার বলেন, ‘আমাদের কয়রা এলাকার অধিকাংশ নদী নৌচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে পাইকগাছা-কয়রা পথে নৌচলাচল বন্ধ হয়ে যাবে।’বিআইডব্লিউটিএর খুলনা কার্যালয়ের ঊধ্বর্তন উপপরিচালক একেএম শাহজাহান হোসেন বলেন, অধিকাংশ নৌপথ পলি পড়ে ভরাট হয়ে গেছে। এখন এগুলো খনন করতে হবে। এ বিষয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।