খুলনা বিভাগের জ্বালানি তেল ব্যবসায়ীদের আধা বেলা ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি রিফাইনারি থেকে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে খুলনা বিভাগের জ্বালানি তেল ব্যবসায়ীরা আধা বেলা ধর্মঘট পালন করেছেন। গতকাল সোমবার বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও খুলনা ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে এ ধর্মঘট পালন করা হয়।
২১ মার্চ এ বিভাগের জ্বালানি তেল ব্যবসায়ীরা খালিশপুরের ট্যাংক-লরি ওনার্স ভবনে এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক দেন।
জ্বালানি তেল পরিবেশক খুলনা বিভাগীয় সমিতির সভাপতি খুলনা-৩ আসনের সাবেক সাংসদ আবদুল গফ্ফার বিশ্বাস জানান, আধা বেলা ধর্মঘটের সময় বিভাগের ১০ জেলায় তেল উত্তোলন ও পরিবহন বন্ধ ছিল। সাত দফা বাস্তবায়ন না হলে পরে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আবদুল গফ্ফার বলেন, পর্যবেক্ষণ ও তদারকি না থাকায় পেট্রল, ডিজেল, কেরোসিন বিভিন্ন হাত ঘুরে খোলাবাজারে বিক্রি হচ্ছে। রিফাইন ছাড়া জ্বালানি তেল কম মূল্যে কিনে বিভিন্ন ধরনের বোতলে করে বিক্রি হচ্ছে। কোনো কোনো স্থানে সরকার অনুমোদিত পেট্রলপাম্পের পাশেই কম মূল্যে বিক্রি করা হচ্ছে এসব। ফলে পেট্রলপাম্প ব্যবসায়ীরা চরমভাবে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। তদারকি অথবা পর্যবেক্ষণ ছাড়া এ অবস্থা চলতে থাকলে সরকার-নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করা সম্ভব হবে না।