খুলনা বিভাগের সেরা সংগঠক পুরস্কার পেল ১৮৯ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৬ সালে খুলনা বিভাগের সেরা সংগঠক সম্মাননা পুরস্কার পেয়েছে ১৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান। বিভাগের ১০টি জেলার ৩১টি উপজেলার মোট ১ হাজার ৯২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সেরা সংগঠকের পুরস্কার প্রদান করা হয়।

গতকাল বুধবার খুলনা নগরের সিএসএস আভা সেন্টারে ওই পুরস্কার বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মো. মাহামুদ-উল-হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকায়েপ প্রকল্পের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মাসুদ ও খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কো-টিম লিডার শরিফ মো. মাসুদ।

স্বাগত বক্তব্যের পর সেরা সংগঠকদের মধ্য থেকে তিনজন সেরা সংগঠক পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ও ভূমিকা বর্ণনা করেন। বই পড়ার অভ্যাসের কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে সংগঠকেরা ওই কার্যক্রমকে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। মাধ্যমিক স্তরের স্কুলের মতো মাদ্রাসাগুলোতে লাইব্রেরিয়ান পদ সৃষ্টি করার জন্য তাঁরা সরকারের কাছে আবেদন তুলে ধরেন।

মো. মাহামুদ-উল-হক বলেন, সেকায়েপ প্রকল্পের একটি অন্যতম উদ্যোগ বইপড়া কর্মসূচি। মানুষকে বড় হতে হলে তাকে বই পড়তেই হবে। বই পড়ার কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরি উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আয়োজকেরা জানান, বিশ্বসাহিত্য কেন্দ্রের মাধ্যমে দেশের ৮টি বিভাগীয় শহরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সংগঠকদের সমন্বয়ে ‘সেরা সংগঠক সম্মাননা পুরস্কার-২০১৬’ প্রদান করা হচ্ছে। সারা দেশের মোট ১ হাজার ১৮৪ জন সেরা সংগঠক সম্মাননা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরি কার্যক্রম সচল ও নিয়মিত রাখার জন্য বিশ্বসাহিত্য কেন্দ্র কাজ করছে।