খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার
টানা ৬০ ঘণ্টা পর আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ যশোর শহরের ইন্টারডিস্ট্রিক মালিক সমিতির কার্যালয়ে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গত সোমবার সকাল ছয়টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটির ডাকে এ ধর্মঘট পালন করা হয়। ধর্মঘটের কারণে ঢাকাগামী যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহিম বক্স প্রথম আলো ডটকমকে বলেন, মালিক ও শ্রমিকদের ওই বৈঠকে পরিবহন শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে সন্ধ্যা থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হচ্ছে। এখন থেকে চালক ১৮০, সুপারভাইজার ৫০, সহকারী ৭৫, কাউন্টারম্যান ৩০ ও কলার বয় ২০ টাকা করে অতিরিক্ত বেতন পাবেন।
শ্রমিক ফেডারেশনের সহসভাপতি আজিজুল আলম বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রুটে পরিবহন যাওয়া-আসায় চালকদের এক হাজার ২০০ টাকা দেওয়া হয়। কিন্তু ঢাকা-খুলনা রুটে দেওয়া হয় ৯৫০ টাকা। ঢাকা-চট্টগ্রাম রুটে চালকদের যে পারিশ্রমিক দেওয়া হয়, আমাদেরও তা-ই দেওয়ার দাবি জানানো হয়েছিল।’