খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘট শুরু
চার দফা দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় আজ বুধবার থেকে ৪৮ ঘণ্টার বাস ধর্মঘট শুরু হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি গত সোমবার এ কর্মসূচির ডাক দিয়েছে।
বিভাগীয় আঞ্চলিক কমিটির নেতারা যশোর পরিবহন শ্রমিক সমিতির কার্যালয়ে বৈঠক শেষে গত সোমবার দুপুরে এ কর্মসূচির ঘোষণা দেন। তাঁরা জানিয়েছেন, আজ ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।
এদিকে আজ ও কাল বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। হরতালের মধ্যে কীভাবে বাস ধর্মঘট পালন করা হবে, তা স্পষ্ট নয়। জানতে চাইলে বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহিম বক্স গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের পিছিয়ে আসার সুযোগ নেই। তাই হরতাল হলেও কর্মসূচি প্রত্যাহার করা হয়নি। হরতালের ভেতরেই আমরা ধর্মঘট পালন করব।’
যশোরে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আজিজুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য মাহবুবুর রহমান, মর্তুজা হোসেন মোহাম্মদ আলী, ইন্তাজ আলী প্রমুখ।
শ্রমিকদের চার দফা দাবির মধ্যে মূল দাবি হচ্ছে সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা করা বন্ধ ও শাস্তির মেয়াদ তিন বছর থেকে সাত বছরে বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা। অন্য দাবিগুলো হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পেতে জটিলতা নিরসন ও দুর্নীতি বন্ধ করে লাইসেন্স ভলিউমভুক্ত নবায়নের ব্যবস্থা করা, যানবাহন পরীক্ষার নামে পুলিশি হয়রানি বন্ধ, ফেরিঘাটে অনিয়ম, চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধ এবং সড়ক-মহাসড়কের পাশে স্থাপিত হাটবাজার, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন বন্ধ করা।
এসব দাবিসংবলিত একটি স্মারকলিপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, খুলনা বিভাগীয় কমিশনার এবং বিভাগের সব জেলা প্রশাসকের কাছে পেশ করা হয়েছে।
বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক রহিম বক্স বলেন, ‘অবৈধ ইঞ্জিনচালিত যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। কিন্তু তার দায় নিতে হচ্ছে আমাদের চালকদের। এ অবস্থার অবসান ঘটাতে হবে। ৩০২ ধারায় মামলা করা বন্ধ ও শাস্তির মেয়াদ কমাতে হবে। পুলিশের চাঁদাবাজি বন্ধ করতে হবে।’ সভাপতি আজিজুল আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছি। কিন্তু আলোচনা করে কাজ না হওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নামতে হচ্ছে।’
জানতে চাইলে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, দাবি-দাওয়া ও অভিযোগের বিষয়গুলো নিয়ে শ্রমিকদের সঙ্গে আগেই কথা বলা হয়েছে। বেশ কিছু ব্যাপারে এরই মধ্যে পদক্ষেপ নেওয়াও হয়েছে। বিশেষ করে নছিমন-করিমনসহ ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে শ্রমিকেরা হয়রানির শিকার হচ্ছেন স্বীকার করে তিনি আরও বলেন, হয়রানির ঘটনা যাতে বন্ধ হয়, সে জন্য কাজ চলছে।