খুলনা বিভাগের ১০ জেলায় লাগাতার কর্মবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় সংগ্রাম পরিষদের ডাকে গতকাল বুধবার সকাল ছয়টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। সড়ক দুর্ঘটনায় চালকদের বিরুদ্ধে ৩০২ ধারার মামলার সিদ্ধান্ত প্রত্যাহার, মোটর শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে এই আন্দোলন শুরু হয়েছে। আকস্মিক কর্মবিরতির কারণে আন্তজেলা ও দূরপাল্লার বাস-ট্রাকসহ সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জানান, ২১ জুলাই যশোরে সংগ্রাম পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই শ্রমিক কর্মবিরতি পালন করা হচ্ছে। শ্রমিক কর্মবিরতির বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার জানান, শ্রমিকনেতারা ধর্মঘটের বিষয়ে তাঁদেরকে আগাম কোনো কিছুই জানাননি।