খুলনা বিশ্ববিদ্যালয় পরীক্ষার দাবিতে অনশনের হুমকি
৭ জুলাই বেলা একটার মধ্যে টার্ম পরীক্ষার তারিখ ঘোষণা করা না হলে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের শিক্ষার্থীরা আমরণ অনশনের হুমকি দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৎস্য ও সমুদ্রসম্পদ বিভাগের শেষ বর্ষের ছাত্র মো. ইমরান হোসেন। সংবাদ সম্মেলনে বলা হয়, জীববিজ্ঞান স্কুলের ডিন নিয়োগ নিয়ে শিক্ষকেরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। নিয়োগ অনিয়ম ও বিধি ভঙ্গের অভিযোগ করে নতুন ডিনের অধীনে একাডেমিক ও প্রশাসনকি কার্যক্রমে অংশগ্রহণ করছেন না শিক্ষকদের একটি অংশ। বর্তমান ডিনের নিয়োগ-প্রক্রিয়া যথাযথ বলে প্রশাসনের পক্ষে অবস্থান নিয়েছে শিক্ষকদের অপর অংশ। এর মধ্যে ২৩ জুন টার্ম ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। কিন্তু শিক্ষকদের একটি অংশের অসহযোগিতার কারণে প্রশাসন পরীক্ষা নিতে ব্যর্থ হয়েছে। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষকেরা পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের জন্য ২৬ জুন পর্যন্ত সময় নেন। কিন্তু ওই তারিখে তাঁরা কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, ‘আমি শিক্ষকদের একাধিকবার অনুরোধ করেছি, ডিন নিয়োগের বিষয়টির সঙ্গে শিক্ষার্থীদের পরীক্ষা বা একাডেমিক কার্যক্রম জিম্মি না করার জন্য। দুঃখজনক হলেও সত্য, তাঁরা সেটা মানছেন না।