খুলনা বিশ্ববিদ্যালয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
খুলনা বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে শাহরিয়ার হোসেন (১৮) নামের পদার্থবিজ্ঞান বিভাগের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার বেলা তিনটার দিকে শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহসানউল্লাহ হল সংলগ্ন পুকুরে কয়েকজন সহপাঠীর সঙ্গে গোসল করতে নামেন। একসময় সবাই ঘাটে উঠলেও শাহরিয়ারকে না দেখে বন্ধুরা উদ্বিগ্ন হয়ে খোঁজা শুরু করেন। পরে পুকুরের পানি থেকে তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শাহরিয়ারের বাড়ির ঢাকার সিদ্ধেশ্বরীতে। তাঁর বাবার নাম বেল্লাল হোসেন সরকার ও মায়ের নাম রহিমা আক্তার।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে শাহরিয়ার খান জাহান আলী হলের সামনের একটি মেসে থাকতেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফায়েক উজ্জামান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, ‘এ ঘটনা খুবই বেদনাদায়ক। এই মেধাবী ছাত্রের অকাল মৃত্যুতে আমরা মর্মাহত।’
গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার টিপু সুলতান বাদী হয়ে হরিনটানা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন।