খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে আবেদন পড়েছে ২৪টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য মোট ১ হাজার ২০৪ আসনের বিপরীতে ২৯ হাজার ১৪০ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে গড় আবেদন পড়েছে ২৪টির বেশি।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবার ছয়টি স্কুল (অনুষদ) ও একটি ইনস্টিটিউটের আওতায় ২৮টি ডিসিপ্লিনে (বিভাগে) ৯ অক্টোবর রোববার আবেদনের শেষ সময় পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, এ ইউনিটে (বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুল) মোট আবেদন জমা পড়েছে ১৪ হাজার ৮০৭টি। ‘বি’ ইউনিটে (কলা ও মানবিক স্কুল, আইন স্কুল এবং চারুকলা ইনস্টিটিউট) মোট আবেদন জমা পড়েছে ৭ হাজার ৯৪৮টি। সি ইউনিটে (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং সমাজবিজ্ঞান স্কুল) মোট আবেদন জমা পড়েছে ৬ হাজার ৩৮৫টি। ভর্তির আবেদনের শর্ত পূরণ করলে এবার সব আবেদনকারী ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে আগেই জানানো হয়েছে।

আগামী ১১ নভেম্বর এক দিনেই তিনটি ইউনিটেরই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং সমাজবিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, আইন স্কুল এবং চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd> এবং kuadmission.online এ পাওয়া যাবে।