খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভাগের দুই দশক উপলক্ষে উৎসব শুরু
‘এক্সপ্লোর নেচার কিপ রিদম’ স্লোগান নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনের দুই দশক পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে ক্যাম্পাসের মুক্তমঞ্চ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে শোভাযাত্রাটি শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবন ও কটকা স্মৃতিস্তম্ভ মোড় থেকে অপরাজিতা হল হয়ে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘সারা বিশ্বে পরিবেশ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সিএফসি গ্যাসের নিঃসরণ, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে নানামাত্রিক ক্ষতির শিকার হচ্ছি আমরা। জলবায়ুগত পরিবর্তনে আমরাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ, ক্ষতিগ্রস্ত।’ এ সময় অন্যদের মধ্যে পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান কাজী জাহাঙ্গীর হোসেন ও উদ্যাপন কমিটির আহ্বায়ক আবদুল্লাহ হারুন চৌধুরীসহ ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।