খুলনা বিশ্ববিদ্যালয়ে শিল্পকর্ম প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তৃতীয় চারুকলা প্রদর্শনী। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কাজ বাছাই করে পাঁচ দিনের এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে ২৫৫টি ভাস্কর্য, প্রিন্ট মেকিং, ড্রয়িং ও পেন্টিংয়ের চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ফায়েক উজ্জামান বলেন, যাঁরা প্রকৃত শিল্পী তাঁদের আচার-আচরণে, চিন্তা-চেতনায়, হৃদয়ে শিল্পীত্ববোধ থাকতে হবে। তাঁদের মধ্যে উগ্রভাব থাকতে পারে না। যে শিল্পীর মধ্যে উগ্রতা ভর করে, তাঁর শিল্পীত্ববোধ নষ্ট হয়ে যায়।
চারুকলা ইনস্টিটিউটের পরিচালক মো. আমীরুল মোমেনীন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ভাস্কর্য ডিসিপ্লিনের শিক্ষক শেখ সাদী ভুঁইয়া।
প্রদর্শনীর আয়োজন সম্পর্কে আমীরুল মোমেনীন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম ও ঢাকার বাইরে সাধারণত কোনো শিল্পকর্ম প্রদর্শনী হয় না। চারুকলা ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার পর আমরা চেষ্টা করছি খুলনাতে নিয়মিত এর প্রদর্শনী করার। এখন প্রতিবছর করা হলেও ভবিষ্যতে ছয় মাস পরপর করার ইচ্ছা আছে।’