খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি অবস্থান ধর্মঘট
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তৃতীয় দফায় কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতনকাঠামোতে অবমূল্যায়নের প্রতিবাদ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে গতকাল রোববার তাঁরা এ কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচি হিসেবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে সমিতির সভাপতি আহমেদ আহসানুজ্জামানের সভাপতিত্বে ক্যাম্পাসের ‘অদম্য বাংলা’র অদূরে শামিয়ানায় শিক্ষকেরা অবস্থান করেন।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন শিক্ষক সমিতির সহসভাপতি সরদার শফিকুল ইসলাম, নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক গোলাম মরতুজা, এগ্রো টেকনোলজি বিভাগের ইয়াছিন আলী, খান গোলাম কুদ্দুস, নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের মোস্তফা সারোয়ার, ইংরেজি বিভাগের সাবিহা হক, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের নাজমুস সাদাত, পদার্থবিজ্ঞান বিভাগের ফারজানা নাহিদ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের কাজী হুিমায়ূন কবীর, ব্যবসায় প্রশাসন বিভাগের মরতুজা আহমেদ, এগ্রো টেকনোলজি বিভাগের রহিমা নুসরত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সৈকত মণ্ডল প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ ক্লাসেই থাকতে চায়। কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থির করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাঁদের অবমূল্যায়ন করার চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজের অবমূল্যায়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষকদের এই সংবেদনশীল বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন তাঁরা।