খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি অব্যাহত
খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির কর্মবিরতি অব্যাহত রয়েছে। গতকাল রোববারও শিক্ষকেরা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেননি। আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করতে শিক্ষক সমিতির সদস্যরা গতকাল বিকেল চারটা থেকে বৈঠকে বসেন। মাঝে বিরতি দিয়ে রাত সোয়া নয়টা পর্যন্ত ওই বৈঠক চলছিল।এদিকে শিক্ষক সমিতির আন্দোলনের সঙ্গে ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের চার দফা দাবি যোগ হয়েছে। তাঁদের দাবিগুলো হলো, কলা ও মানবিক স্কুলের অপসারিত ডিন মোস্তাফিজার রহমানকে পুনর্বহাল করতে হবে, ইংরেজি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের এমএস বন্ধ করা যাবে না, বাংলা ডিসিপ্লিনের শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে হবে এবং ইংরেজি ডিসিপ্লিনের প্রতি হেয় দৃষ্টি রাখা চলবে না।শিক্ষার্থীরা জানান, তাঁদের ডিসিপ্লিনকে বিভিন্নভাবে কোণঠাসা করে রাখতে উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ কৌশলে বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান হয়েছেন এবং কলা ও মানবিক স্কুলের ডিনকে অপসারণ করেছেন। তাঁরা তাঁদের দাবিগুলোর বাস্তবায়ন চান। দাবি আদায়ে ইংরেজি ডিসিপ্লিনের শতাধিক শিক্ষার্থী গতকাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে বসে থাকেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক মোল্লা মো. শফিকুর রহমান ও সহকারী ছাত্রবিষয়ক পরিচালকেরা শিক্ষার্থীদের উঠে আসতে বললে তাঁরা অনড় থাকেন। এ সময় ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তর থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের অনুমতি না নিয়েই শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। এটা তাঁরা করতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের নিয়মের মধ্যে তাঁদের আন্দোলন করা উচিত।শিক্ষার্থীদের দাবি, প্রশাসন যেখানে নিজেই অন্যায় সিদ্ধান্ত নিয়েছে, সেখানে তাঁরা কখনোই আমাদের আন্দোলনে অনুমতি দিত না। শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে বসিনি। অবশ্যই আমাদের দাবিগুলো মানার মতো এবং এতে কারও আপত্তি থাকার কথা নয়।শিক্ষক সমিতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে অন্যান্য স্কুলের মতো বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ভর্তি পরীক্ষার কার্যক্রম বন্ধ ছিল। গতকাল শিক্ষক সমিতির বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষককেও তাঁদের দাবি না মানা পর্যন্ত কর্মবিরতির জন্য আহ্বান করা হয়েছে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং কলা ও মানবিক স্কুলের অপসারিত ডিন মোস্তাফিজার রহমান জানান, ‘আমরা একের পর এক সভা করছি এবং উপাচার্যের সঙ্গে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছি। তবে যতক্ষণ আমাদের সিদ্ধান্ত না মানা হবে, আমরা কর্মসূচি পালন করব।’প্রসঙ্গত, বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে উপাচার্য সাইফুদ্দিন শাহর দায়িত্ব গ্রহণ এবং কলা ও মানবিক স্কুলের ডিন মোস্তাফিজার রহমানকে অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শিক্ষক সমিতির সদস্যরা গত বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালন করছেন।