খুলনা বিশ্ববিদ্যালয়ে দরপত্র জমাদানে যুবলীগের বাধা
যুবলীগের কর্মীদের বাধার মুখে খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের জন্য বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়সংক্রান্ত দরপত্র জমা দিতে পারেননি অধিকাংশ ঠিকাদার। এ নিয়ে গতকাল রোববার যুবলীগের কর্মীদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের জন্য প্রায় ৭০ লাখ টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি কিনতে গত ২৬ জুন দরপত্র আহ্বান করা হয়। এই কাজের জন্য ২৭টি সিডিউল বিক্রি হয়। গতকাল দুপুর দেড়টা পর্যন্ত ছিল সিডিউল জমা দেওয়ার শেষ সময়। এ জন্য সকাল থেকেই যুবলীগের ৩০-৩৫ জন নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থান নেন। দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানের একটি সিডিউল নিয়ে ছাত্রলীগের কর্মী আলাউদ্দিন সুকর্ন ও আল-আমিনসহ কয়েকজন ক্যাম্পাসে যান। এ সময় সেখানে থাকা যুবলীগের কর্মীরা তাঁদের দরপত্র জমা না দেওয়ার অনুরোধ জানান। কিন্তু ছাত্রলীগের কর্মীরা সে অনুরোধ উপেক্ষা করে সিটি সায়েন্টিফিক প্রতিষ্ঠানের নামে দরপত্র জমা দেন। এর পরই তাঁদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন যুবলীগের কর্মীরা। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. জহিরুল হক প্রথম আলোকে জানান, ২৭টি সিডিউল বিক্রি হলেও মাত্র পাঁচটি জমা পড়েছে।