খুলনা বিশ্ববিদ্যালয়ে পিএসই-এনপিএস শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ফার্মেসি ডিসিপ্লিন এবং ফাইটোকেমিক্যাল সোসাইটি অব ইউরোপের আয়োজনে ‘ন্যাচারাল প্রোডাক্টস ফর হেলদি লিভিং’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।
তালুকদার আবদুল খালেক বলেন, ‘আমরা বেঁচে থাকার জন্য প্রকৃতির ওপর নির্ভরশীল। প্রকৃতি থেকেই আমরা অনেক কিছুই পাই। রোগ নিরাময়ে ওষুধ তৈরির ক্ষেত্রে এখনো প্রাকৃতিক উৎস থেকে নানা উপাদান সংগৃহীত হয়। সুন্দরবন ও আমাদের সমুদ্র উপকূলীয় উৎস থেকে প্রাকৃতিকভাবে উপাদান সংগ্রহ করে নতুন ওষুধ আবিষ্কারের বিপুল সম্ভাবনা রয়েছে। এর জন্য নিরন্তর গবেষণা প্রয়োজন।’ তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগদানকারী গবেষক বিজ্ঞানীদের প্রতি এ বিষয়ে আহ্বান জানান।
খুলনা বিশ্ববিদ্যালয়ে এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. মো. রায়হান আলী, যুক্তরাজ্যের জন মুরস বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি এবং বায়োমলিকুলার সায়েন্স স্কুলের পরিচালক ও ইউরোপের ফাইটোকেমিক্যাল সোসাইটির (পিএসই) সভাপতি অধ্যাপক সত্য সরকার।
ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, ‘এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে প্রাকৃতিক নানা উপাদান থেকে ওষুধ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও গবেষণার তথ্য-উপাত্ত উঠে আসবে, যা থেকে নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে। সুন্দরবন সন্নিহিত এ এলাকায় ভেষজ ওষুধ তৈরির শিল্প বিকাশের সম্ভাবনা ভেবে দেখা দরকার। আমরা নানাভাবে প্রকৃতিকে অবহেলা করে কৃত্রিমতাকে গ্রহণ করছি। তাই আচার-আচরণে কৃত্রিম হয়ে পড়ছি। অথচ প্রকৃতি আমাদের বন্ধুর মতো, প্রকৃতি থেকে আহরণের ওপরই নির্ভর করে আমাদের বিকাশ। ভেষজ থেকে তৈরি ওষুধ ক্ষতিকর হয় না, কিন্তু অ্যান্টিবায়োটিক রোগ সারায়, কিন্তু ক্ষতিও করে।’
এ সম্মেলনের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও পরিচিতি পাবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন। তিনি বলেন, খুলনা ভেন্যু করার ক্ষেত্রে অধ্যাপক সত্য সরকারের একনিষ্ঠ ভূমিকা এবং খুলনার প্রতি, তাঁর জন্মস্থানের প্রতি আন্তরিকতার প্রকাশ ঘটেছে। এ জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফার্মেসি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. আশীষ কুমার দাস। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১০ টি দেশের প্রতিনিধি, দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও ফার্মাসিউটিক্যাল কোম্পানির ফার্মাসিস্টসসহ খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন-প্রধান ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।