খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইয়ুথ ফেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হলো যুব উৎসব ‘বাংলাদেশ ইয়ুথ ফেস্ট-২০১৬’। এতে অংশ নেন খুলনা বিভাগের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এবারের উৎসবের প্রতিপাদ্য ‘নলেজ ফর ট্রান্সফরমেশন’ বা ‘রূপান্তরের জন্য জ্ঞান’। উৎসবের আয়োজক বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। সহযোগিতায় ছিল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও প্রথম আলোসহ কয়েকটি প্রতিষ্ঠান।
উৎসবে সামাজিক সমস্যা সমাধানের ধারণা, প্রযুক্তি ও মুঠোফোন সম্পর্কে ধারণা ও বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের ধারণা উপস্থাপন করা হয়। এ ছাড়া ২০২৫ সালে আঞ্চলিক অর্থনীতির অবস্থা কেমন হবে এবং তখনকার অর্থনীতির চালিকাশক্তি কী কী হতে পারে তা চিহ্নিত করে উপস্থাপন ও নারী উদ্যোক্তাদের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের ধারণা উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা।
উৎসবের প্রতিযোগিতায় ‘নারী উদ্যোক্তাদের ব্যবসায়ী উদ্যোগ’ ক্যাটাগরিতে নারী শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ব্যবসায়িক ধারণাগুলো থেকে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। তালিকায় থাকা শিক্ষার্থীরা যাতে নিজেদের উপস্থাপিত ধারণার আলোকে ভবিষ্যতে ব্যবসা শুরু করতে পারেন, সে বিষয়ে ডিসিসিআই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দল ‘নতুন ব্যবসায়িক পরিকল্পনার ধারণা সৃষ্টি’ বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ নেওয়ারও সুযোগ পাবে।
আঞ্চলিক পর্যায়ে বিজয়ী দল আগামী এপ্রিলে অনুষ্ঠেয় ঢাকায় চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশ নেবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যুবাদের বৈশ্বিক বাজারের জন্য তৈরি হতে উদ্বুদ্ধ করা এ আয়োজনের লক্ষ্য। সাতটি বিভাগের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নেবেন।