খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত
খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভর্তি কমিটির সভা ডাকা হলেও কয়েকজন ডিন উপস্থিত হননি। এরপর উপাচার্য নিজের ক্ষমতাবলে ভর্তি পরীক্ষা স্থগিত করেন। ১০ অক্টোবর এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।বিশ্ববিদ্যালয়ের জমি বিক্রির ঘটনা নিয়ে কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে গতকাল ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে কয়েকটি নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল মান্নান বলেন, কয়েক দফা চেষ্টা করেও ভর্তি কমিটির সভা করা সম্ভব হয়নি। এ অবস্থায় উপাচার্য তাঁর ক্ষমতাবলে ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন। পরবর্তী তারিখ পরে জানানো হবে।গতকাল বেলা সাড়ে ১১টায় ভর্তিসংক্রান্ত কমিটির সভা ডাকা হয়। কিন্তু বিজ্ঞান ও প্রকৌশল স্কুলের ডিন হারুন-অর রশীদ খান, জীববিজ্ঞান স্কুলের ডিন মিজানুর রহমান ভুঁইয়া, ব্যবসায় প্রশাসন স্কুলের ভারপ্রাপ্ত ডিন মাহমুদুল হাসান সভায় যোগ দেননি। এ পরিস্থিতিতে সভা স্থগিত করা হয়। বিকেল চারটায় আবারও সভা করার চেষ্টা করা হয়। কিন্তু তখনো ওই তিন শিক্ষক যোগ দেননি। শেষে বিকেল পাঁচটায় উপাচার্য ভর্তি পরীক্ষা স্থগিত করেন। সভায় যোগ না দেওয়ার ব্যাপারে হারুন-অর রশীদ খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জমি বিক্রির সঙ্গে জড়িত উপাচার্যের সঙ্গে কোনো প্রশাসনিক বা শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া নৈতিকতা পরিপন্থী বলে মনে করি।’