খুলনা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় তদন্ত প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও প্রথম আলোর আলোকচিত্রীকে আটকে রাখার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি সম্প্রতি তাদের প্রতিবেদন পেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড প্রতিবেদন পর্যালোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণবিষয়ক পরিচালক মো. মনিরুল ইসলাম গত রোববার তাঁর পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গাজী আব্দুল্লা-হেল বাকী গতকাল মঙ্গলবার জানান, তদন্ত কমিটি প্রায় দেড় মাস অভিযুক্ত ছাত্র, শিক্ষক, প্রথম আলো’র আলোকচিত্রী ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে গত ১৬ মে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। ছাত্র কল্যাণবিষয়ক পরিচালকের পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করে রেজিস্ট্রার জানান, এটি কর্তৃপক্ষের কাছে পেশ করা হয়েছে। গত ৫ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ও আবাসিক হলে ব্যাপক ভাঙচুরের ঘটনার পরের দিন সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।