খুলনা বিশ্ববিদ্যালয়েও ইলিশ বর্জন
খুলনা বিশ্ববিদ্যালয়ে চলছে পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি। এবার খুলনা জেলা প্রশাসনের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ও ইলিশ ছাড়া পয়লা বৈশাখ উদ্যাপনের ঘোষণা দিয়েছে। সোমবার সন্ধ্যায় বৈঠক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
খুলনায় বর্ষবরণের সবচেয়ে বড় অনুষ্ঠান করে খুলনা বিশ্ববিদ্যালয়। সোমবার দুপুরে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, মাঠের পূর্ব পাশে চলছে মেলার জন্য স্টল তৈরি। চারুকলা অনুষদের সবাই ব্যস্ত মঙ্গল শোভাযাত্রার উপকরণ তৈরিতে। প্রায় বানানো শেষ পাখি ও হাতি। মুখোশগুলোতে চলছে রঙের কাজ। মেলায় চারুকলার শিক্ষার্থীরা আলাদা স্টল দেবেন। সেখানে প্রদর্শন ও বিক্রির জন্য মাটির ছোট ছোট পুতুল ও ভাস্কর্য তৈরি করা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। প্রথম দিন শুরু হচ্ছে আজ বুধবার। বেলা তিনটায় ক্যাম্পাসে ঘুড়ি উৎসব, বিকেল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর কাল পয়লা বৈশাখে সকাল পৌনে সাতটায় নগরের শিববাড়ী মোড় থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। এ ছাড়া ক্যাম্পাসে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত হবে প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।