খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মামলা সাংবাদিকদের বিভিন্ন কর্মসূচি
ক্যাম্পাসে গত সোমবার রাতের সাংবাদিক লাঞ্ছনা ও ভাঙচুরের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল বুধবার রাতে বটিয়াঘাটা থানায় মামলা করেছে। বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবদুল্লা হেল বাকী গতকাল রাত আটটার দিকে এ মামলা করেন।মামলায় উল্লেখ করা হয়েছে, গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মেহেদী আল মাসুদ ওরফে বুলবুল ও ৫০ জন বহিরাগত ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে এবং ব্যাপক ভাঙচুর চালায়। বিশ্ববিদ্যালয়ের দায়ী ছাত্রদের শাস্তি দেওয়ার জন্য বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই মামলা করা হলো।মামলায় আরও বলা হয়, মেহেদী মাসুদের নেতৃত্বে প্রথম আলোর ফটোসাংবাদিক শাহনেওয়াজকে অপহরণের চেষ্টা চালানো হয়। এদিকে এই ঘটনার পর খানজাহান আলী হলের প্রভোস্ট ড. রফিকুল ইসলাম গতকাল বুধবার দুপুরে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ওই পরিস্থিতিতে তিনি এই পদে থাকা সমীচীন মনে করছেন না। এ ব্যাপারে উপ-উপাচার্য পূর্ণেন্দু গাইন প্রথম আলোকে জানান, ড. রফিকুল ইসলামের পদত্যাগ গৃহীত হয়নি। সাংবাদিকদের মানববন্ধন: আলোকচিত্রী শাহনেওয়াজকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং ওই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে খুলনার সাংবাদিক সমাজের উদ্যোগে গতকাল বুধবার স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আজ বেলা সাড়ে ১১টায় খুলনার ফটোসাংবাদিকদের উদ্যোগে নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন হবে। তদন্ত কমিটি গঠন: ঘটনা খতিয়ে দেখতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. গোলাম মরতুজাকে সভাপতি ও অপরাজিতা হলের প্রাধ্যক্ষ সর্দার শফিকুল ইসলামকে সদস্য সচিব করে ওই কমিটি গঠন করা হয়। কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এই কমিটি গঠন করা হয়।