খুলনা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন কাল
পাঁচ বছর পর কাল বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ক্যাম্পাসে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সর্বত্র চলছে উৎসবের আমেজ। নতুন করে সেজেছে ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ও বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’-এর উদ্বোধন করবেন। আর অনুষ্ঠান শেষে তিনি উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তীর বছরব্যাপী উৎসবের।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বলেন, ২০১১ থেকে ২০১৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত যেসব শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে, তাঁরা এই সমাবর্তনে সনদ পাবেন। এর সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। তবে তাঁদের মধ্যে আড়াই হাজার গ্র্যাজুয়েট সনদ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ১৫ জনকে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন আইটি (পিজিডিআইটি) ও একজনকে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের (অনুষদ) পরীক্ষার ফলাফলে অসাধারণ কৃতিত্বের জন্য ১৪ জন শিক্ষার্থী পাবেন স্বর্ণপদক।
সমাবর্তনের প্রস্তুতি নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রথম আলোকে বলেন, সমাবর্তন অনুষ্ঠানের সার্বিক পরিস্থিতি অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে। সমাবর্তন সফল করার জন্য ২৯টি সাব-কমিটি করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সব ধরনের সহযোগিতা করছে। অনুষ্ঠান উপলক্ষে ক্যাম্পাসকে নতুন করে সাজানো হচ্ছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ে এর আগে চারটি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। প্রথম ১৯৯৭, দ্বিতীয় ২০০১, তৃতীয় ২০০৭ ও চতুর্থ সমাবর্তন ২০১০ সালে অনুষ্ঠিত হয়।