খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক গতকাল শুক্রবার হামলার শিকার হয়েছেন। গতকাল দুপুরে খুলনা নগরের নিরালা আবাসিক এলাকায় অজ্ঞাত দুই যুবকের হাতে তিনি প্রহূত হন বলে জানা গেছে।ওই শিক্ষকের নাম এ আর এম মুস্তাফিজার রহমান (৩৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন মুস্তাফিজার। পথে দুই যুবক তাঁর গতি রোধ করে। তারা আকস্মিকভাবে তাঁকে চড়-কিল-ঘুষি মারতে থাকে। এ ঘটনা দেখে অন্য মুসল্লিরা এগিয়ে এলে ওই যুবকেরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।মুস্তাফিজার রহমান অভিযোগ করে জানান, কিছুদিন আগে তাঁর নিজ বিভাগের প্রধান অধ্যাপক আহসান উজ্জামান তাঁকে জীবননাশের হুমকি দিয়েছিলেন। ওই ঘটনায় তিনি বটিয়াঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সেই বিরোধের জের ধরে গতকাল তাঁর ওপর হামলা করা হয়েছে। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দেবেন। অভিযোগ অস্বীকার করেছেন আহসান উজ্জামান। তিনি বলেন, ‘আমি এর কিছুই জানি না।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফায়েক উজ্জামান বলেন, ‘একজন শিক্ষকের ওপর হামলার বিষয়টি ঘৃণ্য কাজ। এটা তৃতীয় কোনো পক্ষের চক্রান্তও হতে পারে। আমি পুলিশকে ঘটনা তদন্ত করার জন্য অনুরোধ করব।’