খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ১৪ ব্যাচের নবাগত শিক্ষার্থীদের হয়রানি ও তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে শৃঙ্খলা বোর্ড ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শাস্তির কথা জানানো হয়েছে।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ইশরাত জাহান, নাজনিন আক্তার, উম্মে হাবিবা সোহানা, এস এম সাজ্জাত হোসেন ও আবদুল্লাহ আল মামুনকে দুই টার্মের (প্রতি টার্ম ছয় মাস) জন্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও তাঁদের অভিভাবককে মুচলেকা দিতে হবে। মো. আসিফ সুলতান, চয়ন শেখ, কারিমুন নেছা, ইজাজুল আহমেদ, শেখ মুশফিকুর রহমান, মো. এনামুল হক ও নাঈম রহমান ওরফে সম্রাটকে ১০ হাজার টাকা জরিমানাসহ তাঁদের অভিভাবকের মুচলেকা দিতে হবে।
গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। শৃঙ্খলা বোর্ডের সভায় তদন্ত প্রতিবেদন বিস্তারিত আলোচনার পর অভিযুক্ত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ওই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তবে শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আপিল করতে পারবেন।
উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এ ধরনের র্যাগের মতো কোনো অসভ্যতা গ্রহণ যোগ্য নয়। আর সে কারণে এই শাস্তি। আমরা চাই সবাই সভ্য পরিবেশে শিক্ষা লাভ করবে।’