খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের তিনটি ব্যাচের ১২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে শৃঙ্খলা বোর্ড। তাঁদের দুই টার্মের জন্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড থেকে বহিষ্কার এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

র‌্যাগিংয়ের নামে ’১৪ ব্যাচের নবাগত শিক্ষার্থীদের হয়রানি ও তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়।


আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।


ইশরাত জাহান সেতু, নাজনিন আক্তার রিতা, উম্মে হাবিবা সোহানা, এস এম সাজ্জাত হোসেন রাজন ও আবদুল্লাহ আল মামুনকে চলতি ও পরবর্তী টার্ম অর্থাত্ দুই টার্মের জন্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অভিভাবকের মুচলেকা দিতে বলা হয়েছে।


এ ছাড়া মো. আসিফ সুলতান রাজু, চয়ন শেখ, কারিমুন নেছা, ইজাজুল আহমেদ, শেখ মুশফিকুর রহমান, মো. এনামুল হক ও নাঈম রহমান সম্রাটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাঁদের অভিভাবকদের মুচলেকা দিতে বলা হয়েছে।
এই ১২ জন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের পূর্ববর্তী তিনটি ব্যাচের (’১১, ’১২ ও ’১৩) শিক্ষার্থী।


গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়েরে শৃঙ্খলা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। শৃঙ্খলা বোর্ডের সভায় তদন্ত প্রতিবেদন বিস্তারিত আলোচনার পর অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তবে শাস্তি পাওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আপিল করতে পারবেন।


উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এ ধরনের র্যাগের মতো কোনো অসভ্যতা গ্রহণযোগ্য নয়। আর সে কারণে এই শাস্তি। আমরা চাই সবাই সভ্য পরিবেশে শিক্ষা লাভ করবে।’