খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের সম্মেলন আজ
জাতীয়তাবাদী ছাত্রদলের খুলনা মহানগর ও জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার। খুলনা জিয়া হলের সেমিনারকক্ষে সকাল ১০টায় জেলা কমিটির ও বিকেল চারটায় মহানগর কমিটির সভা হবে।জানা গেছে, মহানগর কমিটিতে ১৬২ জন ও জেলা কমিটিতে প্রায় আড়াই শ কাউন্সিলর রয়েছেন। কাউন্সিলররা কেন্দ্র থেকে সরবরাহ করা ছাপানো ফরমে যোগ্য, ত্যাগী, নিবেদিতপ্রাণ পাঁচজন ছাত্রনেতার নাম লিখবেন। সাধারণ কর্মীদের কাছে যাঁদের নাম সবচেয়ে বেশিবার মনোনয়ন পাবে, তাঁদের সমন্বয়ে গঠিত হবে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি। মহানগর ছাত্রদলের সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০১ সালের ১ নভেম্বর। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় ২০০৩ সালের ১৬ আগস্ট।মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সাদী গতকাল প্রথম আলোকে জানান, কর্মিসভায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জ্যেষ্ঠ সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান খান প্রমুখ উপস্থিত থাকবেন।