খুলনা মহানগর কমিটি থেকে বিএনপির পাঁচ নেতার পদ প্রত্যাখ্যান
খুলনা মহানগর বিএনপির সদ্যঘোষিত কমিটি থেকে পাঁচ নেতা গত বৃহস্পতিবার তাঁদের পদ প্রত্যাখ্যান করেছেন। বিষয়টি তাঁরা লিখিতভাবে নগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়েছেন।পদ প্রত্যাখ্যানকারীরা হলেন: খুলনা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন, সোনাডাঙ্গা থানার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহসান, খালিশপুর থানার সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান ও দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন।তাঁদের মধ্যে আরিফুজ্জানকে খুলনা মহানগর বিএনপির ৪ নম্বর যুগ্ম সম্পাদক, ইউসুফ হারুনকে সহসাংস্কৃতিক সম্পাদক, সাজ্জাদ হোসেনকে সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, সাজ্জাদ আহসানকে সহশিক্ষাবিষয়ক সম্পাদক এবং বিপ্লবুর রহমানকে সহপল্লী উন্নয়ন সম্পাদক পদ দেওয়া হয়েছিল। পদ প্রত্যাখ্যান করে নেতারা লিখিতভাবে জানিয়েছেন, সদ্যঘোষিত কমিটিতে পরীক্ষিত অনেক নেতা-কর্মী বঞ্চিত হয়েছেন, পক্ষান্তরে সুবিধাভোগী ও তোষামোদকারীরা স্থান পেয়েছেন। তাঁদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা অপমানকর।