খুলনা মহানগর ছাত্রলীগে নতুন সভাপতি-সম্পাদক
খুলনা মহানগর ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে শেখ শাহজালাল হোসেন সুজন ও এস এম আসাদুজ্জামান রাসেল।
পাঁচ বছর পর গতকাল সোমবার অনুষ্ঠিত এ সম্মেলনে কোনো কাউন্সিলর না থাকায় কেন্দ্রীয় ছাত্রলীগ ও খুলনা মহানগর
আওয়ামী লীগের নেতাদের সর্বসম্মতিক্রমে তাঁদের মনোনীত করা হয়।
সকাল ১০টায় নগরের শহীদ হাদিস পার্কে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতা এস এম কামাল হোসেন, সাংসদ তালুকদার আবদুল খালেক, শেখ হারুনুর রশিদ, এস এম মোস্তফা রশিদী, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা সার্কিট হাউসে কমিটি ঘোষণার সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম মন্নুজান সুফিয়ানের সম্মতিক্রমে মহানগর ছাত্রলীগের নেতৃত্ব ঠিক করা হয়েছে। ১০ জুন সাবেক ও নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে গঠনতন্ত্র অনুযায়ী ১২১ সদস্যের কমিটি না দিতে পারলেও অন্তত ৫১ সদস্যের কমিটি ঘোষণা দেওয়া হবে।