খুলনা মহানগর ছাত্রলীগের কার্যক্রম স্থগিত, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের খুলনা মহানগর শাখার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া খুলনার সরকারি আযম খান কমার্স কলেজে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল আজ রোববার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য জানান।

 শেখ রাসেল বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুলনা মহানগরের কার্যক্রম স্থগিত থাকবে। এ ছাড়া ২১ ও ২২ ফেব্রুয়ারি সংঘটিত সহিংস ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ছাত্রলীগ। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার খুলনার আযম খান সরকারি কমার্স কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। কলেজের প্রধান ফটক বন্ধ করে দিয়ে ছাত্রলীগের দুই পক্ষ আধুনিক ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। এতে অন্তত ২০ জন আহত হন। ঘটনার পর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করেছে।