খুলনা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
কাউন্সিল অধিবেশনের এক বছরেরও বেশি সময় পর গত বুধবার খুলনা মহানগর বিএনপির ১৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বছরের ২৫ নভেম্বর অনুষ্ঠিত অধিবেশনে শুধু সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়। নগরের কেডি ঘোষ সড়কে দলীয় কার্যালয়ে কমিটির সভাপতি ও সাংসদ নজরুল ইসলাম এই কমিটি ঘোষণা করেন। কমিটিতে সহসভাপতি পদে ১৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক আট, সহ-সাংগঠনিক সম্পাদক দুই, সম্পাদক ৬৬ এবং সদস্যপদে রয়েছেন ৭৭ জন। পূর্ণাঙ্গ কমিটি ছাড়াও ১১ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।দলীয় সূত্রে জানা যায়, গত বছর কাউন্সিল অধিবেশনে কমিটি গঠন নিয়ে তুমুল হইচই, বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে তিনজনের নাম ঘোষণা করা হয়। গত মঙ্গলবার দলের কেন্দ্রীয় মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ১৭১ সদস্যবিশিষ্ট খুলনা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মধ্য দিয়ে খুলনা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।