খুলনা মহানগর বিএনপির সভাপতি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১১টার দিকে তিনি খুলনা মহানগর হাকিম আমিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নাশকতার দুটি মামলায় সম্প্রতি খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। ২০১৩ সালের ১৯ নভেম্বর নগরের পাওয়ার হাউস মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় গত রোববার এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি নগরের পিটিআই মোড়ে একটি ইজিবাইকে অগ্নিসংযোগের মামলায় ১৬ নভেম্বর তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আসামিপক্ষের আইনজীবী গোলাম মওলা প্রথম আলোকে বলেন, দুটি মামলাতেই নজরুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ইজিবাইকে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় জামিন হলেও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।