খুলনা-মাওয়াসহ পাঁচ রুটে পরিবহন ধর্মঘট
বাসচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে খুলনা-মাওয়াসহ দক্ষিণাঞ্চলের পাঁচটি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন গত রোববার সন্ধ্যা সাতটা থেকে এ ধর্মঘট শুরু করে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, ১২ জুলাই দুপুরে সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে গোপালগঞ্জের এক বাসশ্রমিক খুলনার বাসচালক মুজিবরকে মারধর করেন। এ ঘটনার পর মুজিবরের পক্ষের লোকজন গোপালগঞ্জের ওই শ্রমিককে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে গোপালগঞ্জের বাসশ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তাঁরা রোববার বিকেলে জেলা পুলিশ লাইনের সামনে অবস্থান নেন। এরপর খুলনা-মাওয়া রুটের বাস থামিয়ে খুলনার পাঁচ শ্রমিককেও মারধর করেন। এঁদের মধ্যে বাবুল ও মোতাহারের অবস্থা গুরুতর। বাবুলের একটি হাত ভেঙে গেছে। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর ওই দিন সন্ধ্যা থেকে খুলনা-মাওয়া রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, খুলনা ও গোপালগঞ্জের দুজন চালকের মধ্যে মারামারির ঘটনার সমাধান করে দেওয়া হয়েছিল। তার পরও গোপালগঞ্জের চালকেরা খুলনার চালকদের মারধর করেছেন। এর প্রতিবাদে শ্রমিকেরা বাস বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন। ধর্মঘটের কারণে খুলনা থেকে ঢাকা,
বরিশাল, গোপালগঞ্জ, টেকেরহাট ও ভাঙ্গা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, শ্রমিক ও বাস রক্ষার জন্যই বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
এদিকে, ঈদের আগে হঠাৎ পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছে। তবে শুধু ঢাকার যাত্রীরা রুট পরিবর্তন করে আরিচা হয়ে যাতায়াত করছে।