খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত অস্ত্রোপচার বন্ধ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত অস্ত্রোপচার বন্ধ রয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হাসপাতালের চারটি অস্ত্রোপচারকক্ষের দুটিরই সব প্রয়োজনীয় যন্ত্রপাতি পুড়ে গেছে। তাই এখন শুধু জরুরি অস্ত্রোপচার করা হচ্ছে। নিয়মিত অস্ত্রোপচার বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে ভর্তি থাকা রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই রাতে হাসপাতালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অস্ত্রোপচার ব্লকের চারটি কক্ষের দুটিরই জরুরি সব যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে রয়েছে তিনটি করে অ্যানেসথেসিয়া ও ডায়াথার্মি মেশিন, তিনটি করে ওটি লাইট ও মনিটর।গত বুধবার সরেজমিন গেলে হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসাধীন কালাচানের স্ত্রী মরিয়ম বেগম জানান, তাঁর স্বামী রিকশা চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। যন্ত্রপাতি নষ্ট হওয়ায় তিন সপ্তাহ ধরে চেষ্টা করেও তাঁর অস্ত্রোপচার করাতে পারছেন না।এ সময় হাসপাতালের অ্যানেসথেসিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট শেখ ফরিদ উদ্দিন আহম্মেদ জানান, যন্ত্রাংশগুলো নষ্ট হওয়ার পর মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এগুলো মেরামত করতে ১৫ থেকে ২০ লাখ টাকা লাগতে পারে বলে তারা প্রাথমিকভাবে জানিয়েছে। কিন্তু হাসপাতালে এই খাতে কোনো বরাদ্দ না থাকায় আপাতত এগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না। তাই নিয়মিত অস্ত্রোপচার বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু গাইনি ও জরুরি অস্ত্রোপচার করা হচ্ছে।যোগাযোগ করা হলে হাসপাতালের তত্ত্বাবধায়ক পরিতোষ কুমার কুণ্ডু প্রথম আলোকে জানান, বিষয়টি স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের দপ্তর ও যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়েছে। সরবরাহ প্রতিষ্ঠানের প্রকৌশলীরা এসে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি দেখেছেন এবং ঈদের আগেই এগুলো মেরামত করে দেবেন বলে কথা দিয়েছেন।