খুলনা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। গতকাল বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান সংগঠনটির নেতা-কর্মীরা।
মানববন্ধন থেকে মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীতকরণসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ ও রাজস্ব খাতে অন্তর্ভুক্তির আহ্বান জানানো হয়। তা ছাড়া খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় কার্যক্রম দ্রুত চালুর দাবি জানান বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে মহাসচিব শেখ মোশাররফ হোসেনের পরিচালনায় বিভিন্ন শ্রেণি-পেশার শত শত লোক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা আগামী জাতীয় বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ রেখে এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী নেওয়াজ, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি ‘২৫০ শয্যার জনবলে চলছে ৫০০ শয্যার হাসপাতাল’ শিরোনামে প্রথম আলোতে খুলনা মেডিকেল কলেজ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।