খুলনা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেডিকেল কলেজে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল মঙ্গলবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। তবে ভাঙচুর ও হতাহতের ঘটনা ঘটেনি। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি চয়ন বিশ্বাস প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের নেতা সাব্বির মাহমুদ ও জিল্লুর রহমানের নেতৃত্বে একটি পক্ষ ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করছে। তারা গত কয়েক দিনে তাঁকেসহ সাধারণ শিক্ষার্থীদের হোস্টেল থেকে বের করে দিয়েছে। গতকাল বেলা ১১টার দিকে তাঁরা হোস্টেলে এলে ওই পক্ষটি বাধা দেয়। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ছাত্রলীগের কর্মী গোলাম মোর্শেদ জানান, কলেজ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতাদের দুর্নীতি, চাঁদাবাজি ও অছাত্রসুলভ আচরণের কারণে সাধারণ শিক্ষার্থীরা তাঁদের বর্জন করেছেন। ওই পক্ষটি গতকাল বহিরাগত ব্যক্তিদের নিয়ে হোস্টেলের দখল নিতে এলে পরিস্থিতির অবনতি ঘটে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামিদ আসগার জানান, দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। তিনি বলেন, ক্যাম্পাসে বহিরাগত ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ১৪ ডিসেম্বরের পর থেকে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ক্যাম্পাসে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।