খুলনা মেডিকেল কলেজের সেই হল ছাড়ল শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেডিকেল কলেজের সেই ছাত্রাবাস (হল) গতকাল সোমবার বিকেলে ছেড়ে গেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এর আগের দিন ভোরে ছাত্রশিবিরের ১৮ জন নেতা-কর্মী এফ-৩ হলের ফটকের তালা ভেঙে ভেতরে অবস্থান নেন। ছাত্রশিবিরের নেতা-কর্মীরা দাবি করে আসছিলেন, দীর্ঘদিন ধরে তাঁরা কলেজের ছাত্রাবাস থেকে বিতাড়িত। তাই ওই ছাত্রাবাস খালি পেয়ে রোববার তাঁরা সেখানে আশ্রয় নেন। কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে গতকাল সকালে কলেজে একাডেমিক কাউন্সিলের সভা হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই সকাল ১০টার দিকে তা শেষ হয়। পরে পুলিশ কৌশলে নেতা-কর্মীদের হল থেকে বের করে।তবে ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি আবদুল্লাহ আল-মামুন গতকাল বলেন, ‘সকালে কলেজ কর্তৃপক্ষ আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ছাত্রাবাসে উঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ছাত্রাবাসে উঠতে না পারলে আমরা আবার নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলনে যাব।’অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নগরের সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘সভা ব্যর্থ হওয়ার পর আমরা ছাত্রদের বলি, হল ত্যাগ না করলে তাঁদের গ্রেপ্তার করা হবে। পরে ছাত্ররা শান্তিপূর্ণভাবে হল ত্যাগ করেন।’